অর্থ পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ নভেম্বর।

ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে বুধবার অভিযোগ গ্রহণের দিন ছিল। অভিযোগ গ্রহণের পর মামলাটি ঢাকা বিশেষ জজ-১ এর বিচারক দলিল উদ্দিনের আদালতে বদলি করা হয়েছে। এ আদালতে অভিযোগ গঠন হবে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সাড়ে নয় কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছেন।

এজাহারে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইন পরিপন্থী কাজ করেছেন।

তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে (Lloyds TSB Offshore Private Bank) ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন। বাংলাদেশী মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা হয়।

ড. খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ওই টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় চলতি বছরের ৬ জানুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। ১৪ আগস্ট ২০১৪ তারিখে দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

কেএইচ