নগরীতে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবরোধ-হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার সোমবার দুপুরে এ কারাদণ্ডের আদেশ দেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নাশকতার পরিকল্পনাকালে খড়খড়ি বাইপাস থেকে সিনেট, সোহেল রানা, রাজু আহম্মেদ ও নিজাম উদ্দিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার পরিকল্পনা করার কথা স্বীকার করেন।

ওসি জানান, পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন। আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে ৩৭ জন বিভিন্ন মামলার পলাতক আসামি ও ছয়জন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী রয়েছেন।

এমকে