স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে কারাগার।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তা রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন। এখন কারাগার তার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে। এ রায় কার্যকরের জন্য জেলকোড অনুযায়ী যা যা করা দরকার সে প্রক্রিয়াগুলো শেষ করে তার ফাঁসি কার্যকর করা হবে।’

গত ১৯ মার্চ সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা ও ৩জন নিহতের ঘটনায় দায়ের মামলায় মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে এ আদেশ দেন।

এর ফলে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এই ৩ নেতাদের ফাঁসি কার্যকর করতে আইনগত আর কোনো বাধা নেই।

এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি হলেন- হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। এছাড়া একই মামলায় বিচারিক ও হাইকোর্টে যাবজ্জীবন পাওয়া দুই আসামি- মহিবুল্লাহ ও আবু জান্দাল আপিল না করায় তাদের দণ্ডও বহাল রয়েছে।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

এমবি