বিশ্বকাপ ক্রিকেটে ভারত-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত আম্পায়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইসিসিতে আপিল করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মঙ্গলবার সকালে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজার, বিসিবি প্রেসিডেন্ট ও ক্রিড়া সচিবকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইসিসিতে বিতর্কিত ওই দুই আম্পায়ারদের বিরুদ্ধে আপিল করতে অনুরোধ জানানো হয়।
আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, ২৪ ঘণ্টার মধ্যে আইসিসিতে আপিল না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
তার মতে, বাংলাদেশ ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেন একটি বলকে নো-বল কল করে।
তিনি আরো দাবি করেন, “তামিম ও মাহমুদুল্লাহ আসলে আউট ছিলেননা। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের ওই বলটিও নো-বল ছিলনা”।
উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচের বাংলাদেশ ভারতের বিপক্ষে ১০৯ রানে পরাজিত হয়েছিলো।
পরে আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল নিজেও ওই ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের পর ফুসে ওঠে বাংলাদেশ। বিশ্বের নানা দেশে এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর বাংলাদেশ-আইসিসি সম্পর্ক তিক্ত হতে শুরু করে।
এমকে/এসএইচ





