রাজধানীর মগবাজারের নয়াটোলার এক বাসা থেকে এক বাংলাদেশী ও ৩ বিদেশিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। অবৈধভাবে বসবাস করার দায়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পার্থ কুমার(বাংলাদেশী), জামির খামিস( চাদ), জর্জ মার্টিন (লাইবেরিয়া) এবং ডেভিড কোন (লাইবেরিয়া)।
বাংলাদেশী পার্থ কুমার বাড়িওয়ালা ছিলেন এবং অবৈধভাবে তাদের বাড়ি ভাড়া দেয়ার অপরাধেই তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিও লে: কর্ণেল, খন্দকার গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টার দিকে র্যাব-৩, মগবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর রমনা মডেল থানাধীন মগবাজার নয়াটোলা এলাকার আরিফ টাওয়ারের ২৬৬/১/এ ফ্লাটে বিদেশী নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ফ্লাট মালিক পার্থ কুমার সরকার (৪৬) বাসায় অবৈধভাবে বসবাসকারী দেশী নাগরিক জাবির খামিস(৩২) (চাদ, আফ্রিকা), জর্জ মার্টিন (৩৫) (লাইবেরীয়ান) এবং ডেভিট কোন (৪৪) (লাইবেরীয়ান)’দেরকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় আটককৃত বিদেশী নাগরিকগণ বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে আসছেন। তারা আটকের পর তাদের বৈধতার কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেন নি।
ফ্লাট মালিক পার্থ কুমার সরকার উক্ত বিদেশী নাগরিকগণের বাংলাদেশে বসবাসের বৈধ নথিপত্র যাচাই-বাচাই না করে তাদের নিকট নিজ ফ্লাট ভাড়া দিয়ে তাদের অবৈধ বসবাসের ক্ষেত্রে সহযোগিতা করায় তাকেও আটক করা হয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল যে, বর্তমানে যারা বাড়িওয়ালা রয়েছেন তারা বিদেশিদের বাড়ি ভাড়া দেয়ার সময় অবশ্যই তাদের ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করতে হবে। অন্যথায় তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেইউ/এসএইচ





