ভূমিদস্যুদের হাত থেকে দরিদ্র মানুষের বাস্তুভিটা কৃষিজমি নদী-খাল-জলা ও বনভূমি রক্ষার দাবীতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বাংলাদেশ ভূমিহীন সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ভূমি দস্যুরা মানুষের বাস্তুভিটা, কৃষি জমি, নদী, খাল-বিল, জলা ভূমি, কবরস্থান ও শ্মশান ভূমি দখল করে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র, প্রাণী এবং সাধারন মানুষের বেঁচে থাকার অবলম্বন গ্রাস করছে।
দরিদ্র মানুষ ভূমিদস্যুদের কাছে অসহায়। ভূমিদস্যুরা যার উপর নজর দেয় তার রেহায় নাই। তারা ঢাকার সকল খাল-জলাধার, চট্টগ্রামের পাহাড়, দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুন্দরবন সারাদেশের কৃষিজমি, ভূমি-রেল-টি এন্ড টি-সড়ক-পানিসম্পদ-সিটি কর্পোরেশন সহ বিভিন্ন মন্ত্রনালের সরকারী জমি গ্রাস করেছে ও করছে।
ভূমিদস্যুরা বিদেশে অর্থ পাচার করে লন্ডন, মালয়েশিয়া, আমেরিকা কানাডায় প্রাসাদ গড়ে তুলেছে। বিভিন্ন মন্ত্রী, এমপি, শীর্ষ আমলা ও গার্মেন্টস ব্যবসায়ীরা ভূমিদস্যুতার সাথে জড়িত। অবিলম্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভূমি উদ্ধার কমিশন গঠন করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, নাগরিক পরিষদ আহবায়ক মো: শামসুদ্দীন প্রমুখ।
এমএ





