বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে জেরা অব্যাহত রেখেছেন তার আইনজীবী।
বর্তমানে দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমেদকে রবিবার জেরা শেষ করেন এরশাদের আইনজীবী শেখ মো. সিরাজুল ইসলাম।
মঞ্জুর আহমেদকে জেরা শেষ করে আসামি সুলতান মাহমুদের পক্ষে জেরা শুরু হয়।
১১ নম্বর সাক্ষী আসামি সুলতান মাহমুদের পক্ষে জেরা শেষ না হওয়ায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল মজিদ আগামী ২০ ফেব্রুয়ারি পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেন।
সাক্ষ্য গ্রহণের সময় মামলার আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে তার আইনজীবী সামছুদ্দিন বাবুল আদালতে হাজিরা দাখিল করেন।
মামলার অপর আসামি সুলতান মাহমুদ ও বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি একেএম মুসা শুরু থেকে পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করের আদালত।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিইজবিডি.কম) // জেআই[/b]