মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ সরকারি চাকরি করতেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে দেন।
তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। গত রাতে কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের বরাতে এ তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়। ছয় তলা ওই বাড়িটির ওপরের তলায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে মুরাদ থাকতো। গত ২৮শে আগস্ট তারা সেখান থেকে চলে যায় ।
তবে সব মালামাল নেয়নি। রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার দিদার আহমেদ জানান, ওই বাড়িতে একাধিক চাপাতিসহ ধারালো অস্ত্র পাওয়া গেছে।
মুরাদ যে বাসাটিতে থাকতো সেটির বর্ণনা দিয়ে দিদার আহমেদ জানান, দুইটি বেড রুম, ড্রয়িং রুম ও ডাইনিং রুম রয়েছে বাসাটিতে। বাসার ভেতরে খাট ও ডাইনিং টেবিল ছাড়াও আছে দামি সোফাসেট। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গুলশান হামলার হোতা তামিম চৌধুরী যে বাড়িতে নিহত হয় ওই বাড়িটি ভাড়া নিয়েছিল মুরাদ। এ ছাড়া মুরাদ গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ দিয়েছিল।
এসএ





