ব্রাজিল থেকে আমদানিকৃত গম খাওয়ার উপযোগী উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেছে খাদ্য অধিদফতর। রোববার দুপুরে হাইকোর্টে এই প্রতিবেদন পেশ করে খাদ্য অধিদফতর।
এর আগে ৩০ জুন ব্রাজিল থেকে আমদানিকৃত গম জনগণের খাবার উপযোগী কিনা তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। রুলে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে এই রুলের জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একটি রিট আবেদনের শনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহামানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করে।
আদালত বলেছিলেন, আমরা গম পরীক্ষার জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিচ্ছি না, শুধু রুল জারি করছি। ব্রাজিল থেকে আমদানি করা গম নিম্নমানের, এই নিয়ে গত কয়েকদিনের পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টের ভিত্তিতে অ্যাডভোকেট পাভেল মিয়া হাইকোর্টে রিট দায়ের করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি আদালতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ল্যাব রিপোর্ট দাখিল করেন।
ইআর





