বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার ভবন 'উড়িয়ে দেওয়ার' হুমকি দিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে বেনামি চিঠি দেওয়া হয়েছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হুমকি দেওয়া হয়েছে একটি টাইপ করা উড়ো চিঠি দিয়ে। চিঠিটি দেওয়া হয় বুধবার। নভেম্বরের ৫-৯ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল না করলে টাইম বোমা দিয়ে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় চিঠিতে।অধ্যাপক তপন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতে বলেন।
ফোনে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বুধবার উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন এ বেনামি চিঠিটি পান। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমএ





