মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার রায় দিতে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার বেলা এগারোটা ৫ মিনিটে কায়সারের মামলার রায় ঘোষণা শুরু হয়।

১৬৬১ প্যারার ৪৮৪ পৃষ্ঠার রায়ের সারাংশ পড়ছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।
বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।

এর আগে বেলা এগারটা ৩ মিনিটে ট্রাইব্যুনালে এসে এজলাসকক্ষে আসন নেন বিচারপতিরা। শুরুতে সংক্ষিপ্ত ভূমিকা বক্তব্য দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

বেলা দশটা ৫৭ মিনিটে ট্রাইব্যুনালের আসামির কাঠগড়ায় তোলা হয় কায়সারকে। সকাল পৌনে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয় তাকে। তার পরনে রয়েছে সাদা রঙের প্যান্ট ও অ্যাশ কালারের ব্লেজার।

গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, আটক, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও লুণ্ঠন এবং ষড়যন্ত্রের ১৩টি এবং ধর্ষণের দু’টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন সৈয়দ মোহাম্মদ কায়সার।

জেএ