মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মো. কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় সোমবার।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় (ওয়েব সাইটে প্রকাশিত) রায় ঘোষণার জন্য এ মামলা এক নম্বরে রাখা হয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

বদর বাহিনীর ময়মনসিংহ এলাকার কমান্ডার কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।

ট্রাইব্যুনালের রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরো দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জেএ