চা-সিঙ্গারা বাকি না দেওয়ার কারণে ছুরিকাঘাতে রুবেল বেপারী (২২) নামে চা দোকানের কর্মচারীকে হত্যার অপরাধে মো. ওমর খান (৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (২২ মে) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনু রশিদ এই আদেশ দেন।

নিহত রুবেল চাঁদপুর সদর উপজেলার পুরাণ বাজার এলাকার রামদাসদী গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে। আসামী ওমর খান প্রকাশ্যে ওমু শহরের খলিশাডুলী এলাকার সিরাজ খানের ছেলে।

মামলার বিবরণ থেকে জানাযায়, গত ২০০৭ সালের ২৩জুন দুপুর আনুমানিক আড়াইটায় শহরতলীর খলিসাডুলী হাজী সুপার মার্কেটের দুদুখানের দোকানের কর্মচারী নিহত রুবেলের কাছ থেকে ওমর খান চা-সিঙ্গারা বাকি চায়। রুবেল বাকি দিতে অস্বীকার করলে ওমর তাকে দোকানে থাকা রুটি ও আলু কাটার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় ওই দিনই দোকানের মালিক দুদু খান চাঁদপুর মডেল থানায় ওমর খানকে আসামী করে মামলা দায়ের করেন এবং আসামীকে পুলিশের হাতে তুলে দেন।

মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানর উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার সেন ২৯ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. সাইয়েদুল ইসলাম বাবু বলেন, দীর্ঘ প্রায় ৯ বছর মামলাটি আদালতে চলমান থাকার পর ১১ জনের স্বাক্ষী নেয়ার পর দন্ডবিধি ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকরুপে প্রমানিত হওয়ায় দোষী সাব্যস্থ করে ওমর খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা সমপরিমান অর্থ দণ্ডে দণ্ডিত করেন।

আসামী পক্ষে আইনজীবী ছিলেন (স্ট্রেট ডিফেন্স ল’ইয়ার) এডভোকেট রোমানা আফরোজ।

এমআইএস