ট্রাইব্যুনালের আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মোশারফ হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২১ মে তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না,জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এই বেঞ্চ নির্বাচন সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে থাকেন।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্রপ্রার্থী নায়ার কবির আদালত অবমাননার ওই অভিযোগ দায়ের করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা গত ১৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
আবেদন সত্ত্বেও প্রার্থিতা বহাল রেখে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। ওই নির্বাচনে জিয়াউল হক মৃধা বিজয়ী হন।
তিনি বলেন,মনোনয়ন প্রত্যাহারের আবেদনের পরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়ার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়ার কবির আদালতে মামলা দায়ের করেন। একইসঙ্গে নিজেকে বিজয়ী ঘোষণারও দাবি জানান কবির।
এ আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ জানুয়ারি হাইকোর্ট এক আদেশ দেন। আদেশে জিয়াউল হক মৃধা তার দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের যে অবেদন দেন তার কপি তলব করে। জেলা প্রশাসককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। আদালতের এ আদেশ প্রতিপালন না করায় দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ওই জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ আনা হয়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে হাইকোর্টে তলব
ট্রাইব্যুনালের আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মোশারফ হোসেনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২১ মে তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে





