মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে ২০ জুলাই আদালতে জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা। অপরদিকে বিরোধীতা করে শুনানি করেন তার পক্ষে রাষ্ট্র নিয়োগপ্রাপ্ত আইনজীবী আবুল হাসান।
৮ জুলাই জব্বারের পক্ষে একজন রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউটর বলেন, জব্বারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার স্বপক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। একাত্তর সালে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে। এসব যুক্তি তুলে ধরে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আর্জি জানান প্রসিকিউটর।
১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত ৫টি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে এখনো তাকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি। এর আগে ১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
তারও আগে ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চুড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের নথিপত্র, সাক্ষ্য প্রমাণসহ যাবতীয় বিচার বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, পিরোজপুরের মঠবাড়িয়ার (পিস) শান্তি কমিটির চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট এক হাজার ৯ শ’ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করা হয়।
তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা ২ শ’ জনকে ধর্মান্তরিত, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫ শ’ ৫৭টি বাড়ি ধ্বংস করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২৮ এপ্রিল ২০১৪ সালে তদন্ত শেষ করা হয়। মোট সাক্ষি হলেন ৪৬ জন। তার মধ্যে ৪০ জন ঘটনার এবং ৬ জন জব্দ তালিকার সাক্ষি।
ঢাকা,কেএ, ১৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম





