রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে চার’শ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও মাদক আনা নেওয়া কজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ সোহান হোসেন ওরফে সোহাগ (২৮)।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে র‌্যাব-১ এর একটি দল উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন সামিয়া ষ্টোর এর সামনে থেকে তাকে গ্রেফতার করে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের মিডিয়া এন্ড লিগ্যাল উইং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উত্তরা এলাকায় গিয়ে একটি চেকপোষ্ট স্থাপন করা হয় এবং বিভিন্ন গাড়ী তল্লাশী অভিযান শুরু করা হয়।

মাকসুদুল আলম আরো বলেন, এক পর্যায়ে (ঢাকা মেট্রো-গ-১৩-৪০৯৮) প্রাইভেটকারটি উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন সামিয়া ষ্টোর এর সামনে পৌঁছালে র‌্যাব প্রাইভেটকারটিকে গতিরোধ করে এবং প্রাইভেটকারটিতে তল্লাশী করে। এ সময় ওই গাড়ীতে চার’শ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিলসহ সোহানকে হাতেনাতে গ্রেফতার করে।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ভৈরব এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভারতীয় তৈরী ফেন্সিডিলসহ অন্যান্য মাদক চালান করে আসছে।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর/এমকে