বহুল আলোচিলত দশ ট্রাক অস্ত্র মামলায় আসামীরা নির্দোষ, তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
যোগাযোগ করলে আসামীপক্ষের আইনজীবীরা টাইমনিউজবিডিকে জানান, যারা ঘটনাটি ঘটিয়েছেন তারা দেশের প্রচলিত অস্ত্র আইনে ও চোরাচালান আইনে অপরাধ করেছেন তাতে কোন সন্দেহ নাই। কিন্তু তদন্তকারী কর্মকর্তার তদন্তে প্রকৃত আসামীরা বেরিয়ে আসেননি। তাছাড়া যাদের আসামী করা হয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মফিজুল হক টাইমনিউজবিডিকে জানান, যেসব অস্ত্র আটক হয়েছে সেগুলো বাবর সাহেবের দখল, নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হয়নি। এ ঘটনা তিনি পূর্ব থেকে অবগত ছিলেন না। রাষ্ট্রপক্ষও এ ধরনের কোন অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারেননি।
তিনি বলেন, আমি আমার মক্কেলকে নির্দোষ পমাণ করতে সক্ষম হয়েছি। আমি মনে করি, বাবর সাহেব দু’টি মামলাতেই বেকসুর খালাস পাবেন।
ডিজিএফআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী সাবেক পিপি কামরুল ইসলাম সাজ্জাদ টাইমনিউজবিডিকে জানান, রাষ্ট্রপক্ষ যে ৫৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেছেন, তাদের মধ্যে একজন সাক্ষীও রাষ্ট্রপক্ষের বক্তব্য সমর্থন করেননি।
তিনি বলেন, তাছাড়া আমরা ওনাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি।তাই আমরা আশা করছি, সব আসামীই বেকসুর খালাস পাবেন।
আসামী সিইউএফএল’র সাবেক এমডি মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুর রহমান ভূঁইয়া টাইমনিউজবিডিকে জানান, আসামী মোহসিন উদ্দিন পরিস্থিতির শিকার। সাক্ষ্যপ্রমাণে প্রতীয়মান হয়েছে, তিনি ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নন।
তিনি জোর গলায় বলেন, আশা করছি, তাকে খালাস দেয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
ঘটনার দশ বছর পর চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দু’টি মামলার রায় অবশেষে ঘোষণা হতে যাচ্ছে। চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করবেন।  
আর্ন্তজাতিক অঙ্গণে তোলপাড় সৃষ্টি করা, দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চালান আটক হওয়ার এ ঘটনায় অস্ত্র আইনে এবং চোরাচালান আইনে নগরীর কর্ণফুলী থানায় দু’টি মামলা দায়ের হয়। দু’টি মামলা এক বাক্যে ‘দশ ট্রাক অস্ত্র মামলা’ হিসেবে ব্যাপক পরিচিত পায়।
একইসঙ্গে চলা দু’টি মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্কসহ সব কার্যক্রম শেষে আদালত গত ১৩ জানুয়ারি রায় ঘোষণার জন্য ৩০ জানুয়ারি অর্থাৎ আজ (বৃহস্পতিবার) সময় নির্ধারণ করেন।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]