মংলাবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৮০টি পুরাতন ফটোকপিয়ার মেশিনসহ প্রায় তিন কোটি টাকার মালামাল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার মংলাবন্দরের ৪০ ফিট একটি কন্টেইনার থেকে এসব জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফটোকপিয়ার মেশিন আমদানি নিষিদ্ধ। রাজধানীর ৪৪০ খিলগাঁও ইসলাম সিন্ডিকেট নতুন ফটোকপিয়ার মেশিন ঘোষণা দিয়ে ২৯ মার্চ বিল অব এন্ট্রি দাখিল(এন্ট্রি নং-৬৮৭২) করে। পরে শুল্ক গোয়েন্দা তদন্ত করে বুধবার কন্টেইনার থেকে ৮০টি ফটোকপিয়ার মেশিন, ৩০০ ওপিসি ড্রাম, ২০০ রোলার, ১ হাজার কার্টুজ, ১৭টি চেয়ার ও ২ সেট সোফা জব্দ করে। এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। মিথ্যা ঘোষণায় আমদানি করায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।
এম আর





