নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র‌্যাবের চাকরিচ্যুত এম এম রানাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

বুধবার বেলা ২ টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

৭ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব-১১-এর সাবেক উপপরিচালক লে. কমান্ডার (অব.) এমএম রানাকে গত ১৭ মে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরদিন বিকাল ৪টা ৪৭ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে নেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মো. মামুনুর রশীদ মণ্ডল তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠান।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক চাকরিচ্যুত লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর (অব.) আরিফ হোসেনকে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করে হত্যা করা হয়। ঘটনার ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ৭টি লাশ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাকে আটক করে ৭ খুনের ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজজবিডি.কম) // কেএইচ