কুষ্টিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে মিথুন মন্ডল (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় কুষ্টিয়া সদর উপজেলার ঝালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত যুবকের চাচাত ভাই শিমুল মন্ডল পলাতক।
এলাকাবাসীরা জানায়, দুজনের মধ্যে নারীঘটিত বিষয়ে বিরোধ ছিল। রাতে ঝালুপাড়া গ্রামের একটি চায়ের দোকানে মিথুন মন্ডল ও শিমুল মন্ডলের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে শিমুল দৌড়ে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে আসেন এবং মিঠুনের ঘাড়ে ও পেটে কোপায়। উপস্থিত লোকজন দ্রুত মিথুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবরে আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিমুল হোসেনকে আটক করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনার পর পরই শিমুল আত্মগোপন করেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এমআর





