গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম তার বাবার মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করবেন বলে জানিয়েছে পরিবার।
হাসনাত করিমের বাবা রেজাউল করিম সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৭৬ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম জানান।
আজ মঙ্গলবার সকালে তিনি বলেন, প্যারোলে মুক্তির জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তবে দাফন কোথায় হবে সে বিষয়ে পারিবারিকভাবে এখনো সিদ্ধান্ত হয়নি।
হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে। সর্বশেষ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন নাকচ হয়।
এমবি





