বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানার নাশকতার মামলায় চার্জগঠন শুনানির জন্য ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এই মামলার চার্জগঠন শুনানির নির্ধারিত দিন ছিল। মির্জা ফখরুল কারাগারে এবং অধিকাংশ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার এসআই আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
এমকে





