ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশের প্রথম চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাসরুরকে আটক করেছে পুলিশ।
সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামান জানিয়েছেন, মিঃ মাসরুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের ফেসবুক পেইজে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন।
এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুর সাড়ে বারোটার দিকে আটক করা হয়েছে।
"তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে, সেগুলো এখন আমরা যাচাই-বাছাই করে দেখছি। তাকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা নির্ভর করছে, আমরা কি পাই তার ওপর।"
মিঃ মাসরুরের ফেসবুক পেইজের ইন্ট্রো বা পরিচিতি বলা হয়েছে, প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা বিডিজবস ডটকম এবং আজকের ডিল।
আজকের ডিল একটি ই-কমার্স প্রতিষ্ঠান।
ফেসবুকের কাভার ফটোতে দেখা যাচ্ছে, ষষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮ একটি অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন।
এছাড়া তার পেইজে দেখা যাচ্ছে তিনি প্রযুক্তি এবং নতুন উদ্যোগ বিষয়ক নানা ধরণের পোষ্ট করেন।
বাংলাদেশের প্রথম চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম প্রায় দেড়যুগ আগে প্রতিষ্ঠিত হয়।
সাইটটিতে প্রতিদিন ১ লক্ষ ১০ হাজার ইউনিক ভিজিটর আসেন। মাসে চার কোটি মানুষ এই সাইট ভিজিট করেন।
মিঃ মাসরুর দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিলেন। সূত্র: বিবিসি।
এসএম





