রাজধানীর রমনার হাজীপাড়া নতুন রাস্তা এলাকায় বাংলাদেশ স্যানেটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ইসমাইল হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় তার সঙ্গে থাকা দুই লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ স্যানেটারির মালিক ও নিহতের খালাত ভাই মো. মিন্টু জানান, ইসমাইল আল আরাফা ব্যাংক থেকে দুই লাখ ৯০ হাজার টাকা তুলে ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে হাজীপাড়ার নতুন রাস্তা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের দায়িত্বরত এসআই এবি মো. জুলহাস উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
নিহত ইসমাইল নোয়াখালীর বেগমগঞ্জের খানপুর গ্রামের মৃত মোস্তফা হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ৩৫৭/২০/১/১ মগবাজার মধুবাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন।
এআইজে





