বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত হয়েছে বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সংশোধিত তালিকায় মোট ভোটার হয়েছেন ৪৩ হাজার ৩২০ জন।
বুধবার অ্যাটর্নি জেনারেলের এ তথ্য দাখিলের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ আবেদনটির নিষ্পত্তি করে দেন।
এর আগে গত ৯ জুলাই সংশোধিত ভোটার তালিকা ৩০ জুলাই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
গত ২৫ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যাতে ভোটের দিন রাখা হয়েছিল ২০ মে। এরপর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।
ওই তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে কাউন্সিলের পাঁচজন নির্বাচিত সদস্য এবং ১০১ জন আইনজীবী আলাদাভাবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেন। চিঠিতে তারা তালিকা ঠিক করতে বলেন।
এরপর ১২ মে জরুরি সভা করে ভোটের তারিখ পিছিয়ে ২৭ মে নির্ধারণ করা হয়।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম প্রার্থী হয়েছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনে বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, কাউন্সিলের বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
এআই





