মাইক্রোবাসে টাকার বান্ডেলের ওপর ঘুমিয়ে থাকা ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ প্রশাসন।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে এসআই আরিফুরকে জেলা ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তথ্য উপস্থাপন না করতে পারলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান সড়কের পাশে পার্কিং করে রাখা একটি গাড়ির সিটে ঘুমাচ্ছেন। পাশেই রাখা টাকার অনেক বান্ডিল। বান্ডিলগুলোর পাশে তাঁর ব্যবহৃত ওয়্যারলেস ও একটি ফাইল।

ছবিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এসআই আরিফুর রহমান বলেন, ‘এটি চার-পাঁচ মাস আগের ছবি। নারায়ণগঞ্জে ডিউটি চলাকালীন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। তখন আমার কোনো সহকর্মী হয়তো ছবিটি তুলেছিল। এটি কোনো অনৈতিক টাকা নয়।’

ছবিটি ভাইরাল হওয়ার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহাকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এএস