ঢাকার জয়দেবপুরে অভিযান চালিয়ে ৪ বিদেশী অস্ত্র গোলাবারুদ, সাড়ে চার লক্ষ টাকা ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

সোমবার দিবাগত রাতে জয়দেবপুর থানাধীন কলমেশ্বর গ্রামে পল্লী বিদ্যুৎ সাবষ্টেশন এর দক্ষিণ পার্শ্ব এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-১। গ্রেফতারকৃতের নাম মোঃ জুয়েল (২৫)। সে চাঁদপুর জেলার ছেংগাচর থানার বাদশা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব হেডকোয়াটারের উপ-পরিচালক (মিডিয়া) মাকসুদুল আলম। তিনি জানান, র‌্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ঢাকার জয়দেবপুরে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৫) গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, ১টি শটগান, ৬৩ রাউন্ড শটগানের গুলি, ৫০ রাউন্ড শর্টগানের খালি খোসা, ১টি ল্যাপটপ, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, ১ টি ১৫০ সিসি টিভিএস মোটর সাইকেল ও প্রায় সাড়ে লাখ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জুয়েল জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গাজীপুরসহ আশেপাশের এলাকায় ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি করতো।

সে অস্ত্র ব্যবসার পাশাপাশি পলাতক আসামী মশিউর রহমান ওরফে মশি(৩৪), মোঃ বাদল (৩৫), হেলাল উদ্দিন (২৫), বিল্লাল হোসেন (২৮), যোগাযোগ রয়েছে।

চক্রটি দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে আধিপত্য বিস্তারের অপচেষ্টায় লিপ্ত ছিল।

জানা যায় উক্ত সংঘবব্ধ চক্রে মশিউর রহমান মশি নিটল টাটা গার্মেন্টস গোলাগুলির ঘটনায় সোহেল হত্যা মামলার পলাতক আসামি। চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

জেইউ/কেএইচ