অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার বংশাল থানায় করা ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বংশাল থানায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়। প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় ধানমন্ডি থেকে আজ তাজুল ইসলামকে গ্রেফতার করে সিআইডির একটি দল।’
এদিকে গ্রেফতারের পর ঢাকা মহানগর হাকিম আদালতে তাজুল ইসলামকে হাজির করলে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
বৃহস্পতিবার (১১ জুলাই) আদালতে হাজির করে তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় অর্থ আত্মসাতের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বংশাল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেড





