উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর রায়েরবাজার ব্রিজের ঢালে প্রেমিকার সামনে প্রেমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রেমিকার সঙ্গে রায়েরবাজার ব্রিজের ঢালে কথা বলছিলেন আরিফুল ইসলাম সজল (১৯)। পাশে দাঁড়িয়ে থাকা দুই কিশোর তাকে ও তার প্রেমিকাকে উত্ত্যক্ত করছিল। প্রেমিকাকে নিয়ে বাজে মন্তব্য করায় প্রতিবাদ করে সজল। সঙ্গে সঙ্গে তাকে চড় থাপ্পড় দেয় বখাটে কিশোর।
কিছুক্ষণ পর সজল তার বন্ধুদের ডেকে আনলে তাদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। সন্ধ্যার কিছুক্ষণ পরই ওই কিশোর তার বখাটে বন্ধুদের এনে বাঁশ ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে সজলকে।
গুরুতর আহত অবস্থায় সজলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে তার প্রেমিকা ও স্থানীয়রা। রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী শরিফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গেছে। তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য সজলের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমবি





