সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির অর্থদাতা আবদুর রহমান হাসপাতালে মারা গেছেন। এর আগে আব্দুর রহমানকে পরিবারের সদস্যসহ আটক করার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ।

শনিবার রাতে আব্দুর রহমানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাভারের সংসদ সদস্য ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক এনামুর রহমান।

শনিবার সন্ধায় বাইপাইল বসুন্ধরা এলাকায় শাহীন মৃধার বাড়িতে এ অভিযান চালায় র‌্যাব-৪ এর সদস্যরা।

অভিযানের সময় ওই বাড়ির ৫তলার জানালার গ্রিল কেটে পালানোর সময় আবদুর রহমান মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে র‌্যাব আটক করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় ওই বাড়িতে হঠাৎ করে র‌্যাব অভিযান চালায়। অভিযান চলাকালে কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। বাড়ির ভেতর থেকেও কাউকে বের হতে দেয়া হয়নি। এ সময় ওই বাড়ির আশপাশে কয়েক হাজার লোকজন জড়ো হয়।

র‌্যাব সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ওই বাড়ি থেকে আনুমানিক ৩০ লাখ টাকা, একটি আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

এমবি