হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটির শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ-সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ দুপুরে আদালতে গৌতম কুমার নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। বিচারক বাদীর জবানবন্দি শুনে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে জানানো হয়, গত ১৯ জুলাই ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন তাঁর ফেসবুক পেজে বলেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট এবং বর্বর জাতি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, যাদের ধর্মের কোনো ভিত্তি নেই।

মনগড়া বানানো ধর্ম। হয়তো দু-একটি খবর নিউজে প্রকাশিত হয়। এ ছাড়া আরো অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায় তাদের নৃশংসতার আড়ালে। আসামির এ রকম আচরণ এবং সোশ্যাল মিডিয়ার অবমাননাকর ও অরুচিপূর্ণ বক্তব্যর ফলে রাষ্ট্র ও হিন্দুসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

আসামির এ ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদানের ফলে সাধারণ জনগণ নীতিভ্রষ্ট, অসৎ হতে উদ্যত হওয়ার ফলে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে মামলা দায়ের করা তাঁর সাংবিধানিক অধিকার। ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে এটি ছড়ানো হয়েছে, সেটা আমার নামে ভুয়া আইডি ছিল।’

ব্যারিস্টার সুমন আরো বলেন, ‘এ মামলার মাধ্যমে প্রমাণিত, হিন্দু ধর্মাবলম্বীরা এ দেশে স্বাধীনভাবে বসবাস করছে এবং আদালতে তারা ন্যায়বিচার পাচ্ছে।’

এর আগে গতকাল ব্যারিস্টার সুমন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করলে বিচারক জিয়াউল হাসান তা খারিজের আদেশ দেন।

এএস