জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরে পুরাতন থানা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মিজানুর রহমান নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ নির্যাতনের ঘটনা ঘটে।
পুরাতন থানা এলাকার ওই ভাড়া বাসার বাসিন্দা আবদুল মজিদ বলেন, গতকাল সকালে তাঁর স্ত্রী বাসায় তালা দিয়ে সন্তান নিয়ে বিদ্যালয়ে যান। দুপুরে স্ত্রী বাসায় ফিরে দেখেন ঘরের তালা খোলা। আসবাব তছনছ করা। পরে দেখেন ১০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নেই।
আশপাশের লোকজনের কাছে এ বিষয়ে জিজ্ঞেস করে জানতে পারেন, ১০-১২ বছরের চার-পাঁচটি ছেলেকে তাঁর বাসার সামনে ঘোরাঘুরি করতে দেখেছেন। এর মধ্যে একজনের পরনে গেঞ্জি ছিল।
এই সূত্র ধরে গেঞ্জি পরা মিজানুরকে (১৩) এলাকার লোকজন ধরে এনে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। চুরির ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
গতকাল বেলা আড়াইটার দিকে সরেজমিনে দেখা যায়, মজিদের ভাড়া বাসার সামনের একটি গাছের সঙ্গে মিজানুরকে বেঁধে রাখা হয়েছে।
স্থানীয় কয়েকজন তরুণ চুরির ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছেন। মিজানুর বারবার বলছিল, সে চোর নয়। ওই বাসায় কারা চুরি করেছে সে জানে না। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তারা আক্কেলপুর পৌর সদরের তুলসীগঙ্গা নদীর পাড়ে থাকে। পরে তার বড় ভাই এসে মিজানুরকে ছাড়িয়ে নেন।
পরে মিজানুর বলে, গতকাল বেলা একটার দিকে টিঅ্যান্ডটি মোড়ের করাতকল এলাকা থেকে লোকজন তাকে ধরে এনে বেঁধে রাখে। চড়-থাপ্পড়ও মারে।
মিজানুরের বড় ভাই মনোয়ার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই মিজানুর শহরে ঘুরে বেড়াতে পছন্দ করে। তবে সে কারও বাসায় চুরি করতে পারে না।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘চুরির ঘটনায় জড়িত সন্দেহে শিশু মিজানুরকে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা আমার জানা নেই।’
ওএফ





