রোববার কাদের সিদ্দিকির মনোনয়নপত্র ফিরে পাওয়ার আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীসহ ৩জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি আপিল করেন। এই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন রোববার আপিল শুনানির দিন ধার্য করেছে।
হলফনামায় স্বাক্ষর না থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিয়ার মনোয়নপত্র বাতিল করে স্থানীয় রিটার্নিং অফিসার। এই প্রার্থীও মনোনয়নপত্র ফিরে পেতে ইসিতে আপিল করেছেন। একই দিনে আবু সাঈদ মিয়ার আপিল শুনানিও করবে কমিশন।
নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) বাসুদেব রায় জানান,বৃহস্পতিবার ইসিতে আপিল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও আওয়ামী  লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিয়া। রোববার সকাল ১০টায় এ দুই প্রার্থীর আপিলের শুনানির দিন করা হয়েছে। এ উপলক্ষে দুই প্রার্থীকে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]