চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় স্কুল ছাত্রী জ্যোতি খাতুনকে ইভটিজিং করার অভিযোগে কলেজছাত্র সাজিবকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার দর্শনা থানাপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

এসময় রেলকলোনী পাড়ার ওবায়দুল ইসলামের ছেলে দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাজিব তাকে অপহরণের চেষ্টা করে। জ্যোতি খাতুনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার এবং সাজিবকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এরপর রাতেই ৬ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০ টায় তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ