রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সিএমএম আদালতে দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।
এর আগে দুদক কার্যালয়ে কমিশনের বৈঠকে ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়।
চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন- রানার বাবা আব্দুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেক্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার মেয়র রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব আবুল বাশার, ফ্যান্টম এপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেড’র এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেড’র চেয়ারম্যান আনিসুর রহমান।
জানা যায়, অবৈধ ও নকশা বহির্ভূতভাবে অনুমোদিত ছয়তলা ভবনকে দশ তলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। সোহেল রানা ওই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সকালে সাভারে ‘রানা প্লাজা’ নামে নয়তলা ভবনটি ধসে পরে। এতে ১১ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে, যাদের বেশির ভাগই ছিলেন নারী পোশাককর্মী।
এ ঘটনার পর অনুসন্ধানে নামে দুদক। পরে দুদকের উপ-পরিচালক এম এম মফিদুল ইসলাম ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের যৌথ অনুসন্ধানে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়টি প্রমাণিত হলে গত ১৫ জুন সাভার থানায় মামলাটি দায়ের করে দুদক।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





