আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় হাজিরা দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আদালতে গেছেন।
বুধবার সকাল ১১ টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিশেষ আদালতে হাজির হন। এ সময় তার সাথে ছিলেন ছোট ভাই ও সাবেক মন্ত্রী জি এম কাদের এবং ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালিদ আক্তার।
আজ এ মামলায় রাষ্ট্রপক্ষের অসমাপ্ত যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেন। ওইদিন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা ২২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
২০ নভেম্বর আদালতে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন মামলার প্রধান আসামি সাবেক প্রেসিডেন্ট এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।
১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালে এ মামলাটি দায়ের করা হয়। দায়েরের ১৮ বছর পরে মামলাটি এখন শেষ পর্যায়ে।
মঞ্জুর হত্যা মামলায় ৪৯ জন সাক্ষীর ২৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।