রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল গফুর (২৮)। সে রাজধানীর হাজারীবাগ থানাধীন গনকটুলি লেনের (বাসা নং-৩৭/৭) চাঁন মিয়ার ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের শেরেবাংলা রোডস্থ কাটাসুর বাসা নং-১২৭/এ নামক একটি বাসায় চাঁদাবাজি করতে গেলে তাকে আটক করে র‌্যাব-২ এর সদস্যরা। এ ঘটনায় নূরে আলম নামের অপর জড়িত ব্যক্তি পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর এএসপি মারুফ আহমেদ। তিনি টাইমনিউজবিডিকে বলেন, মোহাম্মদপুরের শেরেবাংলা রোডস্থ কাটাসুর বাসা নং-১২৭/এ বাসা দেখার নাম করে আব্দুল গফরু ও নূরে আলম নামের দুই ব্যক্তি দরজা খুলতে বলে। সাজেদা বেগম নামক ওই বাসার গৃহকর্ত্রি বাসার দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথে ওই দুই জন ঘরের ভিতরে প্রবেশ করে এবং ভিতরের দরজা আটকিয়ে দিয়ে সাজেদা বেগমকে র‌্যাব পরিচয় দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে না চাইলে দুর্বৃত্ত আব্দুল গফুর সাজেদা বেগমের কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে যায়। একই সময়ে আসামী নুরে আলম তার কোমরে থাকা একটি চাকু বের করে সাজেদা বেগম ও তার ছেলে-মেয়েকে মারার হুমকি দেয়।

এ ঘটনায় সাজেদা বেগম কৌশলে ছোট ছেলেকে পাশের বাড়ী হতে টাকা আনার কথা বলে বাড়ীর বাহিরে পাঠিয়ে দেয়। ছেলেটি তখন মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন র‌্যাবের ক্যাম্পে এসে খবর দেয়। এখবরে র‌্যাব-২ এর একটি দল তাৎখনিকভাবে ওই বাসায় পৌছে। দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল গফুরকে চাঁদার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর আসামী নুরে আলম র‌্যাব আসার খবরে পালিয়ে যায়।

আটককৃত আসামী আব্দুল গফুরকে র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার কথা স্বীকার করে নাম ঠিকানা প্রকাশ করে। র‌্যাব-২ কর্তৃপক্ষ কর্তৃক আসামীকে জিজ্ঞাসাবাদ ও সহযোগী পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।

র‌্যাব-২ এর এএসপি মারুফ আহমেদ আরও জানান, প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরুত্বপূর্ণ চলমান অভিযান। আসন্ন ঈদ উল-আয্হা ও পূজায় সাধারণ মানুষ ব্যাপক ব্যস্ত। ব্যাপক ব্যস্ততা ও রাজধানীর মানুষের শূণ্যতার সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে ভুয়া র‌্যাব, ভুয়া ডিবি, ভুয়া পুলিশ পরিচয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতে না পারে সে জন্য  র‌্যাব সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে।

জেইউ, জেএ