সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনে রাজউকের করা মামলায় তৎকালীন প্রকৌশলী রফিকুল হাসানের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
এই প্রকৌশলীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। এতে হাজারো শ্রমিক নিহত হন। আহত হন অনেকেই। ঘটনার দিনই রাজউকের পক্ষ থেকে ইমারত নির্মাণ আইনে সাভার মডেল থানায় মামলা হয়। ওই মামলায় একই বছরের ২৯ মে গ্রেপ্তার হন রফিকুল। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন জানান।
গত বছরের ১৫ জুলাই রফিকুলের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ১৭ জুলাই হাইকোর্টের আদেশ স্থগিত হয়। পাশাপাশি নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আজ আদেশ দেন আদালত।
রফিকুলের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। পরে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়েছে। এর ফলে তাঁর জামিন বহাল রয়েছে। তাঁর (রফিকুল) কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই।
ইআর





