ঘুষ কেলেঙ্কারির মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা মোস্তফা কামালকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির আপিল আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করে এই রায় দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন এডভোকেট মো. খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান বলেন,আদালত আসামির আপিল মঞ্জুর করে তাকে বেকসুর খালাস দিয়েছেন। এর ফলে মোস্তফা কামালের বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশ বাতিল হয়ে গেলো।
তবে দুদক সিদ্ধান্ত দিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে এ আইনজীবী জানান।
এসএ পরিবহনের মালিকের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির মামলায় গত বছরের ১২ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জংশনের (জিআরপি) পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন।
একইসঙ্গে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করেন আদালত।
জরিমানার ৩০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদী এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদকে এবং বাকি পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
ওইদিন রায় ঘোষণার পরপরই মোস্তফা কামালকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামি মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদ মিয়াকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।
এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এসপি কামাল। সেইসঙ্গে জামিনের আবেদনও করেন তিনি। গত জানুয়ারিতে হাইকোর্টে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। পরে আপিল বিভাগ জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
জানা যায়, ২০০২ সালের ২২ ডিসেম্বর এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন ২০ লাখ টাকাসহ সিলেট যাওয়ার পথে মাধবপুর থানার ওসি আতাউর রহমান ও উপ-পরিদর্শক ওহেদ মিয়া তাকে আটক করে। পরে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল আরও ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা সালাউদ্দিনের কাছে দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মোস্তফা কামাল এসএ পরিবহনের মালিকের বিরুদ্ধে মাদক ও নারী পাচার আইনে মামলা দায়ের করেন।
এরপর সালাউদ্দিন ঢাকায় ফিরে তার বিরুদ্ধে করা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ওই মামলা খারিজ করে দেন।
এরপর ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মোস্তফা কামাল ও ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে মামলা করেন এসএ পরিবহনের মালিক।
[b]ঢাকা, কেএ, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]