দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত রোমানা জেসমিন দিপা (২১) নামে এক গৃহবধূকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) তাকে উদ্ধার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসা হয়। দিপা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সাহায্যকারী পদে কর্মরত তানজুর রহমানের স্ত্রী।

জানা গেছে, গত ৩ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে দিপা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পার্বতীপুর শহরে আসার পথে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের এরশাদ নগর থেকে অপহৃত হয়। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনে দিপার স্বামী তানজুর রহমানের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তানজুর বিষয়টি পার্বতীপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে দিপাকে উদ্ধার তৎপরতা শুরু করে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, মোবাইল ফোনের সূত্র ধরে পার্বতীপুর থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তুলাপুষকুরুনী গ্রামে অভিযান চালিয়ে দিপাকে উদ্ধার করে।

অপহৃত দিপা জানান, অপহরণকারী তাকে রাস্তায় একা পেয়ে মুখ বেঁধে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। অপহরণের পর তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রাখা হয়েছিল।

দিপার স্বামী তানজুর রহমান জানান, অপহরণকারীদের কোনো মুক্তিপণ দিতে হয়নি। তবে স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে তার প্রায় লাখ টাকা খরচ হয়েছে।

এসটি