জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হোন। এর আগে সকাল ১০টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় বিএনপির বিপুল নেতাকর্মী সঙ্গে ছিলেন।

মামলা দুটির মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য ও অপর আসামিদের সাফাই সাক্ষ্যের জন্য এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। গত ৫ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষ করেছেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। পরের বছরের ৫ আগস্ট ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়।

আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ তাদের চারজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।