খুলনা মহানগরীর দৌলতপুর নির্বাচন কমিশন অফিসের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি ল্যাপটপ, ক্যামেরাসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ইতোমধ্যে এ ঘটনায় দুজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, খালিশপুর নয়াবাটি এলাকার হাসান শেখের ছেলে সোহেল শেখ (২১) ও খালিশপুর লিবার্টি স্ট্যান্ড এলাকার জয়নাল খাঁ’র ছেলে মো. নয়ন খাঁ (২০)।
দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ বলেন, গত সোমবার রাত পৌনে ৯টায় নির্বাচন কমিশন অফিসে তালা দিয়ে চলে যান অফিস কর্মীরা। পরদিন সকালে কম্পিউটার অপারেটর ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নিচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে আমাকে সংবাদ দেন। পরে পুলিশকে সংবাদ দেওয়া হয়। চোরেরা তিনটি ল্যাপটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টাবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়।
কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দৌলতপুরের নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
এবিএস





