পিরোজপুরের মঠবাড়িয়ায় উত্তর মিঠাখালীতে রুবেল আকন (১৭) নামে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর মিঠাখালী গ্রামের ডালিম জমাদ্দারের ছেলে মিরাজ (২৫), হারুনের ছেলে আব্দুল জলিল (২৫) ও মৃত আব্দুল মান্নানের ছেলে কালাম (২৫)। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- একই গ্রামের মৃত ফারুকের ছেলে জাহিদুল ইসলাম নিপুন (৬০), মৃত মোতাহার খানের ছেলে মান্নান খান (৫৫), মৃত হোসেন খানের ছেলে ফারুক খান এবং মান্নান খানের শ্যালক বাগেরহাটের শরনখোলার মৃত মোশারফ হোসেনের ছেলে রিয়াজ (৩৫)। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা এবং অন্যদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তরা মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান আকনের ছেলে স্থানীয় সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রুবেলকে মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে যায়। স্থানীয় শাখারীকাঠী ভারানীখালের পাশের সুপারী বাগানে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। ঘটনার পরের দিন সকালে স্থানীয়রা খালে লাশ দেখে পুলিশে খবর দেয়।

লাশ উদ্ধারের পর নিহতের বাবা হাবিবুর রহমান আকন বাদী হয়ে ওই দিনই সাতজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। হত্যার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, রুবেল আসামী হান্নানের মেয়ের সাথে প্রেম ও আসামি ফারুকের সাথে জমি সংক্রান্ত বিরোধের জড়িত ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিরাজ ছাড়া সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে পিপি খান মো. আলাউদ্দিন ও আসামিদের পক্ষে সিরাজুল ইসলাম, মো. শাহ আলম ও আহসানুল কবির বাদল এই তিন অ্যাডভোকেট মামলা পরিচালনায় ছিলেন। এসএ