পৃথক গ্রেফতার অভিযানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্য সিরাজুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা তাহমিদুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এবং চট্টগ্রামের আগ্রাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেন।

এফএফ অ্যাপারাল গার্মেন্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বিজিএমইএ’র সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন দুদকের পরিচালক আজিজ ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি টিম।

উত্তরা ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের মামলায় রোববার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৩ সালের ২৯ আগস্টে করা এ মামলায় তাকে গ্রেফতার দেখায় দুদক।

অন্যদিকে রাজউকের এস্টেট-১ শাখার তত্ত্বাবধায়ক তাহমিদুল ইসলাম মিলনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বাধীন একটি টিম সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

তাহমিদুল ইসলামের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া সত্ত্বেও পাসপোর্টে মিথ্যা পরিচয় দিয়ে ব্যবসায়ী উল্লেখ করে বিদেশ ভ্রমণের অভিযোগ রয়েছে। এছাড়া বেসরকারি ব্যাংকিং চ্যানেলে (হুন্ডির মাধ্যমে) ১ কোটি ৬৩ লাখ টাকা অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে দুদকের মামলার এ আসামির বিরুদ্ধে।

এসব অভিযোগে দুদক তার বিরুদ্ধে গত বছর পৃথক দু’টি মামলা দায়ের করে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে দুদক।

গত ২৭ মার্চ থেকে দুদকের গ্রেফতার অভিযান শুরু হয়। প্রায় প্রতিদিনই চলছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটির এ অভিযান।

ওএফ