ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বদলির জন্য পাঠানো মামলার রেজিস্ট্রার ডিজিটাল করার দাবি জানিয়েছে বিইউবিটি লয়ারস অ্যাসোসিয়েসন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির সামনে এক মানববন্ধন শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বরারব এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সাধারণ আইনজীবীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন বুলার সভাপতি তৌসিফ মাহামুদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ২৫ হাজার এবং বিচারাধীন মামলা এনআই অ্যাক্ট, মাদক ও পিটিশন মামলার পরিমাণ অনেক বেশি। এর মধ্যে এনআই অ্যাক্টের মামলা বিচারের ক্ষমতা শুধু মহানগর দায়রা জজ আদালতের রয়েছে। মামলাগুলো সিএমএম আদালতে দায়েরের পর বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি হলে মহানগর দায়রা জজ আদালত বিভিন্ন আদালতে বিচারের জন্য বণ্টন করে থাকেন।
কিন্তু বিচারাধীন বদলি এনআই অ্যাক্টসহ অন্যান্য মামলার নির্ধারিত বিচারিক আদালতের নাম, পরবর্তী তারিখ ও দায়রা নম্বর জানার জন্য মহানগর দায়রা জজ আদালতে ছোট রুমে বদলি রেজিস্ট্রার দেখতে গিয়ে আইনজীবীদের হয়রানিসহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক সময় আইনজীবীদের মধ্যে বাক-বিতণ্ডাসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দেশের সর্বস্থরে বিচারবিভাগ এবং নির্বাহী বিভাগসহ সরকারি-বেসরকারি অফিসের সকল দাফতরিক কার্যক্রম ডিজিটালাইজড করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেহেতু আইনজীবীদের হয়রানি ও দুর্ভোগ রোধকল্পে সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য প্রেরিত মামলা রেজিস্ট্রার অবিলম্বে ডিজিটালাইজেশন হওয়া একান্ত আবশ্যক।
এএইচ





