সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনা করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আইনজীবীরা।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামির সঙ্গে বুধবার সকালে দেখা করার পর কেন্দ্রীয় কারাগারের গেইটে তার আইনজীবীরা এ আহবান জানান।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আমরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছি। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।

তাজুল বলেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে রিভিউ করার বিষয় নিয়েই মূলত তার সঙ্গে আধাঘণ্টা কথা বলেছি। তিনি বিশ্বাস করেন রিভিউতে খালাস পাবেন।

আগামীকাল বৃহস্পতিবার আমরা রিভিউ আবেদন করা হবে বলে জানান কামারুজ্জামানের এই আইনজীবী।

বুধবার সকাল সাড়ে ১০টায় অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচজন আইনজীবী তার সঙ্গে দেখা করতে কারাগারে যান।

অন্য আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট শিশির মনির, ইহসান এ সিদ্দিক, ব্যারিস্টার নজিবুর রহমান ও মতিউর রহমান আখন্দ।

এআর