হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের কৃষক মোকতাদির মিয়ার সঙ্গে একই গ্রামের আনিছ মিয়ার সঙ্গে ধানের জমিতে গরু প্রবেশকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দণ্ডপ্রাপ্তরা উত্তেজিত হয়ে কৃষক মোকতাদির মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ঘটনার পর নিহত মোকতাদির মিয়ার বড় ভাই মোশাহিদ মিয়া বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০০২ সালের ১১ জুলাই পুলিশ তদন্ত করে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার ১৫ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

এমএনজে