রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার সকালে আদালত এই জামিন আদেশ দেন। এর ফলে মির্জা ফখরুলের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
এর আগে গত ১১ নভেম্বর রুলের শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) রায়ের দিন ধার্য করেছিলেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। সোমবার তা পিছিয়ে ২২ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছিল।
রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।
আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে বিচারিক আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে একাধিক মামলা করে বিভিন্ন থানা পুলিশ।
এমএইচ





