নাটোরের লালপুরে ১৫০ বস্তা ভেজাল টিএসপি সার উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোয়াজ্জেম একই এলাকার শফি উদ্দিন প্রামাণিকের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মাসুদ করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।
এ সময় মেসার্স আব্দুর রহমান এন্টারপ্রাইজে থাকা ১৫০ বস্তা ভেজাল টিএসপি সার উদ্ধার করা হয়। একই সঙ্গে ভেজাল সার মজুদ ও বিক্রির দায়ে দোকানের মালিক মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





