সারা দেশে হরতাল-অবরোধে সহিংস হামলায় আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪জনের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাজাহারুল ইসলামের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল।
কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করা হয়।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫ টায় খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয় থেকে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের ডাক দেন।
এ কর্মসূচি ঘোষণার পর থেকে ওই বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন এবং সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে গত বছরের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
এমবি





